ন্যাড়া দুই বার বেলতলায় যায় না
ন্যাড়া দুই বার বেলতলায় যায় না
কিন্তু আমি যাই। বারবার যাই।
গাছের তলায় দাঁড়িয়ে বাতাসের সঙ্গী হই।
হাত বাড়িয়ে ধরতে চাই সেই পুরনো শাখা,
যে শাখায় আমার ছেলেবেলা দোল খেয়েছে।
আমি গাছ ধরে ঝাঁকাই।
পাতারা ফিসফিস করে ওঠে,
বাতাস কানে কানে বলে—
"তুই তো এলি, কিন্তু সময় এল কি?"
আমি মাথা নাড়ি।
সময়ের জন্য অপেক্ষা করলে
গাছের ছায়া বদলে যায়,
পাতারা ঝরে যায়,
নতুন শাখা গজিয়ে ওঠে,
কিন্তু আমি একই থেকে যাই।
ন্যাড়া দুই বার বেলতলায় যায় না,
কিন্তু আমি ন্যাড়া নই।
আমি ফিরে আসি পুরনো চোরাগলি ধরে,
আমি স্পর্শ করি শেকড়,
আমি শুনতে চাই মাটির কথা।
গাছ কাঁপে,
একটা বেল মাটিতে পড়ে,
আমি হাত বাড়িয়ে ধরি।
সময়ের হাতে সময় ধরা পড়ে কি?
আমি জানি না।
শুধু জানি,
আবারও আসব বেলতলায়,
গাছ ধরে ঝাঁকাব।
কলমে : ধার্মিক
Comments
Post a Comment