নোটিফিকেশনের রাত
নোটিফিকেশনের রাত
মিস করলে যদি নোটিফিকেশন যেতো,
তাহলে রাত জাগা পাখিরা আরেকটু কম নিঃসঙ্গ হতো।
আমার প্রতিটি শ্বাসের শব্দে তোমার ফোনে ঝনঝন করে উঠতো একটি ছোট্ট কম্পন,
তুমি হয়তো বিরক্ত হয়ে সাইলেন্ট করে রাখতে,
তবু অলক্ষ্যে চোখ চলে যেতো সেই ক্ষুদ্র আলোর দিকে—
কে যেন ডাকে, কে যেন খোঁজে,
কোনো একটা ফাঁকফোকর দিয়ে পৌঁছে যায় অপেক্ষার রেশ।
তুমি যদি জানতে, প্রতিটি না বলা কথা
একটি অনুপস্থিত নোটিফিকেশনের মতো ঝুলে আছে,
যে কথা মুখ ফুটে বলিনি, তা কি কখনো পপ-আপ হয়ে ভেসে উঠবে?
"তোমার কথা মনে পড়ছে"—
যদি তা স্ক্রিনের কোণে জ্বলে উঠতো,
তবে কি তুমি সেই মেসেজ ওপেন করতে?
ঘুম ভেঙে গেলে দেখি,
নোটিফিকেশন বার একেবারে খালি।
তুমি কিছুই মিস করোনি,
তাই আমার অপেক্ষাও কোনো শব্দ করেনি।
শুধু রাতের নিস্তব্ধতা মনে করিয়ে দেয়—
মিস করলে যদি নোটিফিকেশন যেতো,
তবে হয়তো তুমি একদিনও ঘুমোতে পারতে না।
কলমে : ধার্মিক

Comments
Post a Comment