আমি সাধারণ

আমি সাধারণ

আমি চাই না আলোটাকে নিজের দিকে টানতে,
চাই না কেউ আমায় দেখে বিস্ময়ে থমকে যাক।
আমি কেবল ছায়া হতে চাই,
সে ছায়া, যা বিশ্রাম দেয় ক্লান্ত পথিককে,
যে ছায়ায় দাঁড়িয়ে কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলে।
আমি চাই না মঞ্চের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে
তুমুল করতালির ঝড় তুলতে,
বরং চাই, মঞ্চের বাইরে দাঁড়িয়ে
একটি নাম উজ্জ্বল করতে।
যার প্রতিটি পদক্ষেপে আমার হাতের ছোঁয়া থাকবে,
কিন্তু কেউ তা টের পাবে না।
আমি বাতাস হতে চাই,
যে শ্বাস নেয়া যায়, কিন্তু ধরা যায় না।
আমি চাই না কেউ আমায় মনে রাখুক,
চাই আমার গড়ে তোলা স্বপ্নগুলো বেঁচে থাকুক।
যারা ডানা মেলে উড়বে আকাশে,
তাদের শক্তি দিতে চাই,
তাদের সাহসের মাটিটা হতে চাই।
আমি একদম সাধারণ হতে চাই,
নিঃশব্দে কারও পথের প্রদীপ জ্বালাতে চাই।
আমার পরিচয় হবে না কোনো উজ্জ্বল নামের সাথে,
আমার পরিচয় থাকবে
সেই চোখে, যেখানে আমি স্বপ্ন আঁকতে সাহায্য করেছি।
সেই কণ্ঠে, যাকে আমি নিজের ছায়ায় বড় করেছি।
আমি চাই না কেউ আমায় একদিন মনে রাখুক,
আমি চাই, আমার স্পর্শে গড়ে ওঠা প্রতিভাগুলো
একদিন নিজেদের আলোর গল্প লেখুক।
আমি নামহীন, আমি সাধারণ,
তবু আমার ছায়ায় বড় হবে অসংখ্য তারকা,
আর আমি,
আমি হারিয়ে যাবো সময়ের স্রোতে—
একজন সাধারণ মানুষের মতোই।

কলমে : ধার্মিক

Comments

Popular posts from this blog

তুমি আমার এক অন্যরকম প্রেমের উপন্যাস

কারোর আসার কথা ছিল না

হেমন্ত আসেনি