শব্দের বিষ
শব্দের বিষ
এই সংসারে মানুষই একমাত্র প্রাণী,
যার বিষ লুকিয়ে থাকে শুধু দাঁতে নয়,
তার শব্দেও, তার কণ্ঠেও, তার ভাষাতেও।
সাপের বিষ শরীরে ঢোকে,
মানুষের বিষ প্রবেশ করে মনের গভীরে,
ধীরে ধীরে গিলে খায় সমস্ত বিশ্বাস,
সমস্ত ভালোবাসা, সমস্ত শান্তি।
একটা মাত্র তির্যক বাক্য
ভেঙে দিতে পারে একটা জীবন,
একটা অবজ্ঞার শব্দ
নির্বাক করে দিতে পারে সমস্ত স্বপ্ন।
তুমি কি কখনো দেখেছো?
শিশুর কচি মনে যখন কেউ রুক্ষ কথা বলে,
সে কীভাবে নিভৃতে গুমড়ে কাঁদে?
তুমি কি অনুভব করেছো?
ভালোবাসার নামে বলা এক ফোঁটা তিরস্কার
কীভাবে ঠেলে দেয় সম্পর্ককে অন্ধকারে?
মানুষ ভাবে, শব্দ হাওয়ায় মিলিয়ে যায়,
কিন্তু শব্দ তো থেকে যায় হৃদয়ের গহীনে,
একটা কটূক্তি, একটা উপহাস,
একটা অনাদরের শব্দ—
শিকড় গেঁথে বসে রক্তে,
নিঃশব্দে ঢেলে দেয় বিষ।
তবু মানুষ শব্দ ছুঁড়ে মারে,
বলে, "এ তো শুধু কথা!"
কিন্তু সেই কথাই ছিন্নভিন্ন করে দেয় মন,
নিঃশেষ করে দেয় আত্মার সমস্ত আলো।
হায়! যদি মানুষ জানতো,
তার শব্দের বিষই সবচেয়ে নির্মম,
সবচেয়ে তীক্ষ্ণ, সবচেয়ে অমোঘ—
তবে কি সে এত সহজে ছুঁড়ে মারতো
তার জিহ্বার ধারালো অস্ত্র?
কলমে : ধার্মিক

Comments
Post a Comment